যবিপ্রবির একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচিত ড. মঞ্জুরুল হক ও তরুন সেন

২১ ডিসেম্বর, ২০২১ ১৫:২৫  
যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (যবিপ্রবি) শিক্ষা সংক্রান্ত সর্বোচ্চ কর্তৃপক্ষ ‘একাডেমিক কাউন্সিল’-এ বিনা প্রতিদ্বন্দ্বিতায় ‘সদস্য’ হিসেবে নির্বাচিত হয়েছেন ফিশারিজ অ্যান্ড মেরিন বায়োসায়েন্স (এফএমবি) বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক ও অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস (এআইএস) বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন। মঙ্গলবার দুপুরে যবিপ্রবির সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য থেকে একাডেমিক কাউন্সিলের সদস্য নির্বাচন উপলক্ষ্যে গঠিত নির্বাচন কমিশন তাঁদেরকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করে। যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১ এর ২২ ধারা অনুযায়ী, বিশ্ববিদ্যালয়ের সকল একাডেমিক কার্যক্রমের লক্ষ্য ও উদ্দেশ্য নির্ধারণ, একাডেমিক কর্মসূচি ও তৎসম্পর্কিত পরিকল্পনা প্রনয়ণ, শিক্ষা-প্রশিক্ষণ ও পরীক্ষার মান নির্ধারণ ও সংরক্ষণসহ শিক্ষা সংক্রান্ত সকল বিষয় একাডেমিক কাউন্সিলে সিদ্ধান্ত গৃহীত হয়। বিশ্ববিদ্যালয়ের সর্বোচ্চ নীতি-নির্ধারণী ফোরাম রিজেন্ট বোর্ডের পরেই একাডেমিক কাউন্সিল-এর অবস্থান। নির্বাচন কমিশনের দেওয়া তথ্যমতে, যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আইন ২০০১-এর ২২ ধারার জ এবং ঝ মোতাবেক সহযোগী অধ্যাপক, সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য থেকে দুই জন একাডেমিক কাউন্সিলের সদস্য হিসেবে নির্বাচিত হন। সেই অনুযায়ী সহযোগী অধ্যাপকগণের মধ্য থেকে এফএমবি বিভাগের সহযোগী অধ্যাপক ড. মঞ্জুরুল হক এবং সহকারী অধ্যাপক ও প্রভাষকগণের মধ্য থেকে এআইএস বিভাগের সহকারী অধ্যাপক তরুন সেন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। তাঁদেরকে যশোর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের মুক্তিযুদ্ধের চেতনায় বিশ্বাসী শিক্ষকদের সংগঠন ‘নীল দল’ থেকে মনোনয়ন দেওয়া হয়। একাডমিক কাউন্সিলের এ নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক মোঃ আব্দুল মজিদ, নির্বাচন কমিশনার হিসেবে পরিচালক (পরিকল্পনা, উন্নয়ন ও পূর্ত) পরিতোষ কুমার বিশ্বাস ও উপ-রেজিস্ট্রার মোহাম্মদ এমদাদুল হক দায়িত্ব পালন করেন।